হবিগঞ্জের লাখাইয়ে ঈদের কয়েকদিন আগে খেজুর কেনা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে ঝগড়ার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ জানায়, ঈদের কয়েকদিন আগে লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মলাই মিয়া পাশ্ববর্তী পূর্ব সিংহগ্রামের শাহজাহান মিয়ার দোকানে খেজুর ক্রয় করতে যান। খেজুরের দাম নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে কয়েকদিন ধরে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। আজ রোববার সকাল ১১টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয় সংঘর্ষে লিপ্ত হয়। তেঘরিয়া গ্রামের পক্ষ ধরে আশপাশের ৬টি গ্রাম সংঘর্ষে লিপ্ত হয়।
ঘন্টাব্যাপী সংঘর্ষে তেঘরিয়া গ্রামের মনা মিয়ার ছেলে কদম আলী ও সায়েদ মিয়ার ছেলে বকুল মিয়া মারা যায়।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজ্জাদুর রহমান সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







