স্পষ্ট উর্দুতে কথা বলে এক পাকিস্তানি ব্যক্তিকে আত্মহত্যা করার চিন্তা থেকে বের করে আনায় অনলাইনে হংকংয়ের এক তরুণ পুলিশ সদস্যের জয়জয়কার চলছে।
আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তি একটি নির্মাণ এলাকায় থাকা ২০ মিটার উঁচু ক্রেনের ওপর চড়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তা দেখে পুলিশে খবর দেয়।
তখন ২০ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ কনস্টেবল ইফজাল জাফর নিজে ওই ক্রেনে চড়েন এবং সেই ব্যক্তির সঙ্গে উর্দুতে কথা বলে তাকে বোঝাতে চেষ্টা করেন। তার বোঝানোতে শান্ত হয়ে আত্মহত্যার চেষ্টাকারী নিচে নেমে আসেন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ইফজাল জাফর সিনিয়রদের প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে যথেষ্ট খ্যাতি পেয়েছেন। তার নামে সামাজিক মাধ্যমে একটি ফ্যানক্লাবও খোলা হয়েছে।
এ ঘটনার জবাবে জাফর বলেন, তিনি শুধু প্রশিক্ষণটাই অনুসরণ করেছেন।
তিনি বলেন: ‘আমি অ্যাকাডেমি থেকে শেখা কৌশলগুলো কাজে লাগিয়েছি। আমার মনে হয়, আমি তার সঙ্গে নিজ ভাষায় কথা বলতে পারায় তিনি নিরাপদ বোধ করেছেন।’
কনস্টেবল জাফর উর্দুর পাশাপাশি অনর্গল ক্যান্টোনিজ ভাষায় কথা বলতে পারেন বলে জানিয়েছে বিবিসি।
ইফজাল জাফর এক বছরেরও কম সময় আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। পুরো জেলায় তিনিই একমাত্র পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ অফিসার।
হংকং পুলিশের চীন ছাড়া অন্যান্য দেশের বংশোদ্ভূত ব্যক্তিদের পুলিশে নিয়োগ দেয়ার বিশেষ প্রকল্প (অপারেশন জেমস্টোন)-এর অধীনে জাফরের নিয়োগ হয়।








