দুদক দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে, কিন্তু এই সুযোগে কিছু সৎ কর্মকর্তার সম্পর্কে লেখালেখির প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সম্প্রতি কিছু সরকারি কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদ নিয়ে সংবাদের প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের সম্পদ বিষয়ে নতুন কোন আইন করার সুযোগ আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি একথা বলেন।
রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে ঢুকার সময় সরকারি কর্মকর্তাদের সম্পদের একটা হিসাব নেয়া হয় এবং পরবর্তীতে সময়ে সময়ে সম্পদের হিসেব দিয়ে থাকেন। নতুন করে এখানে আইন করার প্রয়োজন নেই।’
একপর্যায়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দুদক কিন্তু দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে। তবে আমরা অত্যন্ত দু:খের সাথে দেখতে পাচ্ছি যে, এই সুযোগে কিছু-কিছু সৎ এবং যার বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগ নাই সেসব কর্মকর্তাদের বিষয়েও লেখালেখির একটা প্রবণতা হচ্ছে।’
সাংবাদিকদের অনুরোধ করে আইনমন্ত্রী বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ আপনারা পরিবেশন করুন, এ ব্যাপারে কিন্তু সরকারের কোন বাধা নাই। কিন্তু মানুষকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করবেন না। মিথ্যাভাবে কাউকে হেয় প্রতিপন্ন করলে তার ইজ্জত কিন্তু ফিরিয়ে দেয়া যাবে না।’







