অ্যান্ড্রয়েড স্মার্টফোন মাত্র তিনশ’ টাকায়? এ-ও কি সম্ভব??
না। দামটা আসলে এর চেয়েও কম, ২৯১ টাকা। অন্তত বিনিময় মূল্য তো তা-ই বলে!
এ বছরের শুরুর দিকে ভারতীয় মোবাইল কোম্পানি রিঙ্গিং বেল্স ৩ ব্রিটিশ পাউন্ড বা ৪ ডলারেরও কম মূল্যের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে তারা। কম দামি এই স্মার্টফোনের প্রথম ২ লাখ হ্যান্ডসেট বাজারজাতকরণের জন্য তৈরি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফ্রিডম ২৫১ নামের এই অ্যান্ড্রয়েড ফোনের প্রতিটির দাম ধরা হয়েছে মাত্র ২৫১ ভারতীয় রুপি (২.৭৭ ব্রিটিশ পাউন্ড), বাংলাদেশি মুদ্রার হিসেবে যা প্রায় ২৯১ টাকা।
সাধারণভাবেই একটি কমদামি ফোন, তা সে যেই ব্র্যান্ডেরই হোক না কেন, ব্যবহারের আগেই অনেক সমালোচনা বা উপহাসের সম্মুখীন হয়। মনে করা হয়, দাম যেমন সস্তা, মানও নিশ্চয়ই খারাপ। বাস্তবেও অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়। তাই এই ফ্রিডম ২৫১ নিয়েও বাজারে আসার আগেই চলেছে বহু সমালোচনা আর হাসি-তামাশা।
কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই ফোনটি তার দামের তুলনায় অবাক করা ফিচারের অধিকারী। ফোনটি যাচাই করে এমনটাই জানিয়েছে বিবিসি।
ফ্রিডম ২৫১ হাতে নিলে অনেকটা অ্যাপলের আইফোন ৫-এর মতো মনে হয়। ফোনটির সামনে ও পেছনে দু’টি ক্যামেরা রয়েছে। ৪ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ফোনটি র্যাম ১ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি। এছাড়াও এতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড যুক্ত করা যাবে।
ফোনটিতে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলে এটি উচ্চ প্রসেসিং ক্ষমতা সম্পন্ন হলেও অন্যান্য সময় কম ব্যাটারি খরচ করবে।
সাদা এবং কালো – এই দু’টি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
প্রথম চালান ৩০ জুন বাজারে ছাড়ার কথা বললেও পরে তারিখ পিছিয়ে ৭ জুলাই করা হয়েছে।
তবে ফ্রিডম ২৫১ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকেরই। তারা মনে করছেন নির্ধারিত সময়ের মধ্যে দু’লাখ হ্যান্ডসেট সরবরাহ করতে পারবে না নির্মাতা কোম্পানি। এমনকি ভারতীয় সংসদ সদস্য কিরিত সোমাইয়া একে ‘বিশাল জালিয়াতি’ বলেও উল্লেখ করেছেন।
অন্যদিকে ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশনের প্রধানও হ্যান্ডসেটের পরিমাণ এবং নির্ধারিত মূল্যকে ‘তামাশা বা জালিয়াতি’ মনে করছেন।
তবে রিঙ্গিং বেল্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহিত গোয়েল সব ধরণের প্রতারণা ও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন।








