সাংবাদিকের উপর পুলিশি হামলার ঘটনায় বিক্ষোভ প্রদর্শনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শনিবার সকালে এই ঘটনার প্রেক্ষিতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন সাংবাদিকরা। সেখানেই এই দাবি জানানো হয়।
রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অাধাবেলা হরতালের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে শনিবার জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেন।
বিভিন্ন গণমাধ্যমের দুই শতাধিক সংবাদকর্মী সেখানে উপস্থিত হন। কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার ঐ হামলার শিকার হন এটিএন নিউজের ক্যামেরাপার্সন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদার। শাহবাগ থানার সামনে তাদেরকে মারধর করে পুলিশ।
এর প্রেক্ষিতে ২৭ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কা লেগে যায় এবং এটি স্বাভাবিক।

শনিবার আয়োজিত মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।








