ইনজুরির কারণে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই বুফনের দেয়াল ভেঙে ২-০ গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। তবে ইতালির বিপক্ষে না পারলেও মঙ্গলবার স্পেনের বিপক্ষে ম্যাচে খেলবেন বার্সেলোনা সুপারস্টার। একথা নিজেই জানিয়েছেন তিনি। তবে ওই ম্যাচে স্প্যানিশদের বিপক্ষে থাকছেন না ডি’মারিয়া।
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত বড় বড় দলগুলো। যেখানে শুক্রবার রাতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা-ব্রাজিলসহ বেশ কয়েকটি দল। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মেসি-নেইমারহীন দুদলই।
ইতালির বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মেসির মাঠে নামা নিয়ে শঙ্কা খবর শোনা যায়। আর্জেন্টিনার জাতীয় দৈনিক ওলে জানায়, সামান্য হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন মেসি। তবে দলে কোচিং স্টাফ এখনো তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তারা আবার এটাও বলেছেন, ১০০% ফিট না হলেও মেসি নিয়ে ঝুঁকি নেবেন না।
পরে আসলেই মেসিকে নিয়ে ঝুঁকি নেননি কোচ সাম্পাওলি। ওলের জানানো খবর অনুযায়ী, আর্জেন্টাইন সুপারস্টারের বিকল্প হিসাবে নামানো হয় এভার বানেগাকেই। মহানায়কের জায়গায় সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন বানেগা। দলের দুটি গোলের একটি করেছেন তিনি।
ইতালি ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘আমি অল্প সময়ের জন্য হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছি। আমি সবসময়ই খেলতে চাই। কিন্তু বিশ্বকাপের রাস্তাটা অনেক লম্বা। তাই এই ম্যাচের (ইতালি) শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে আমরা অপেক্ষা করেছি। তবে স্পেনের বিপক্ষে খেলার ব্যাপারে আমি আশাবাদী।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা মেসিকে নিয়েই শুরু করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সে একটু ইনজুরি আক্রান্ত। তাই ম্যাচে তার অংশ নেয়া হয়নি।’
স্পেনের বিপক্ষে মেসিকে নিয়ে আশার আলো দেখা গেলেও ওই ম্যাচে খেলতে পারবেন না অ্যাঙ্গেল ডি মারিয়া। ইতালির বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছেন তিনি। ম্যাচের ৬৪ মিনিটে তাকে উঠিয়ে ডিয়েগো পোরেত্তিকে মাঠে নামাতে বাধ্য হন কোচ সাম্পাওলি।








