ক্রিকেট

সৌম্য-লিটনদের সামনে ভারতের রানপাহাড়

সৌম্য-লিটনদের সামনে ভারতের রানপাহাড়

সকাল সর্বদাই দিনের সঠিক পূর্বাভাস দেয় না। এই আপ্তবাক্যটি বাংলাদেশের বেলায় মিলে গেল পুরোপুরি। ২২ ওভার পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রাখা গেলেও শেষপর্যন্ত কার্ডিফের মেঘলা আকাশে তারা রানের বৃষ্টি ঝরিয়েছে লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনির (১১৩) সেঞ্চুরিতে।

বিশ্বকাপের আগে কার্ডিফে শেষ প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির দল তুলেছে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান।

সাকিব আল হাসান ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমান।

ভারতের ইনিংসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। শুরুর অংশে যার নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি বাংলাদেশের। ২২ ওভারে ১০৪ রান তুলতে ৪ উইকেট হারানো দলটি শেষ ২৮ ওভারে রান তুলেছে ঝড়ের বেগে।

রাহুল ও ধোনির পঞ্চম উইকেট জুটির ১৬৪ রানই বদলে দিয়েছে ভারতের গতিপথ। ৯৯ বলে ১০৮ রানের ইনিংস খেলে রাহুল যখন অনিয়মিত লেগস্পিনার সাব্বির রহমানের বলে বোল্ড হন, ভারতের সংগ্রহ ৪৩.২ ওভারে ২৬৬। শেষ ৪০ বলে দলটি তুলেছে ৯৩ রান।

৯৯ থেকে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান ধোনি। বোল্ড হয়ে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরার আগে করে যান ৭৮ বলে ১১৩। ইনিংসে ৮টি চারের পাশাপাশি ছিল ৭টি ছয়ের মার।

সোফিয়া গার্ডেনসের কিছুটা মন্থর উইকেটে এদিন ৯ বোলারকে ব্যবহার করেছেন মাশরাফী। নতুন বলে পেসাররা সফল হলেও পুরনো হতেই বদলে যায় চিত্র। ভারত গড়ে ফেলে রানের পাহাড়। অধিনায়ক বিরাট কোহলি করেন ৪৭। শেষদিকে ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন হার্ডিক পান্ডিয়া। ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

বিষয়:বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…