কলকাতার সোহম অভিনীত ‘প্রেম আমার’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজ চক্রবর্তীর পরিচালনায় ওই ছবিটি যেমন সুপারহিট হয়, তেমনি এই ছবির বদলে যায় সোহমের ক্যারিয়ার। নয় বছর পর ‘প্রেম আমার’-এর সিক্যুয়ালে নির্মিত হতে যাচ্ছে ‘প্রেম আমার ২’। ওই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের পূজা চেরি। পরিচালনায় থাকবেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্রেম আমার ২’ প্রযোজনা করবে। জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে ‘প্রেম আমার ২’ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে পূজার নায়ক থাকছেন কলকাতার আদৃত। এই জুটির ‘নূর জাহান’ ছবিটি আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।
জানা যায়, সিক্যুয়াল হলেও ‘প্রেম আমার ২’ ছবির গল্পে থাকবে ভিন্নতা। গেল আড়াই মাস ধরে ছবির প্রি-প্রোডাকশন নিয়ে কাজ করেছে পুরো টিম। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। আরো থাকবেন প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরী, চম্পা।
কলকাতা, উত্তরবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু লোকেশনে ‘প্রেম আমার ২’ ছবির শুটিং হবে। এর গল্প লিখেছেন অর্পিতা চৌধুরী।
পূজার আরেক ছবি ‘পোড়ামন ২’ এর শুটিং চলছে। এই ছবিতে তার নায়ক সিয়াম। জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনায় এই ছবিটি ‘পোড়ামন ২’ মুক্তি পাবে আগামি বৈশাখে।








