সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দু’টি রেস্টুরেন্টে দু’দফা গাড়ি বোমা ও বন্দুকধারীর হামলায় বন্দুকধারীসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামলার পর দু’টি রেস্টুরেন্টের একটি দখল করে বন্দুকধারীরা অবস্থান নিলে তাদের সঙ্গে আট ঘণ্টা বন্দুকযুদ্ধ শেষে রেস্টুরেন্ট পুনর্দখল করে সোমালিয়া পুলিশ।
হামলাকারী দলটির প্রধানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হামলাকারীরা কীভাবে আটক বা নিহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোমালি প্রধানমন্ত্রী ওমর আবদিরশিদ আলী শারমার্ক হামলাটিকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে এর নিন্দা জানান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মোগাদিশুতে সাগরতীরের জনপ্রিয় দু’টি রেস্টুরেন্ট বিচ ভিউ ও লিডো সি ফুডকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রথম গাড়ি বোমাটি বিস্ফোরণের কিছুক্ষণ পরই ৫ জন বন্দুকধারী রেস্টুরেন্ট দু’টিতে ঢুকে পড়ে। এর আধ ঘণ্টা পর আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়।
জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করে দাবি করে তাদের কয়েকজন হামলাকারী দু’টি রেস্টুরেন্টের একটিতে অবস্থান করছে। রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ তাদের হাতে। রেস্টুরেন্টের ভেতরেও অনেক মৃতদেহ পড়ে আছে বলে তখন দাবি করে আল-শাবাব।







