সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৭ জন।
বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা গেছে বলে ঘটনাস্থলের কাছে উপস্থিত লোকজন জানিয়েছে।
এখনো বিস্ফোরণটির দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি। তবে সোমালি জঙ্গি দল আল-শাবাবকেই আপাতত সন্দেহ করা হচ্ছে।
বিস্ফোরণ এবং হতাহতের ব্যাপারটি বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিশ্চিত করেছেন সোমালি পুলিশের মেজর আবদিকাদি আহমেদ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।








