বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স। দুজনে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই দুজনই কি না পরপর দিনে নিজেদের ম্যাচে ‘ডাক’ মারলেন। এই ঘটনার পেছনে টুইটার বাসিন্দারা ‘শনি’র যোগাযোগ দেখছেন!
গত দুইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি ক্রীড়া উপস্থাপিকা জাইনাব আব্বাসের সঙ্গে সেলফিতে অংশ নেন বিরাট এবং ভিলিয়ার্স। ওই সেলফি তোলার পরের ম্যাচেই দুই বাঘা ব্যাটসম্যান প্রথম বলে আউট হন! ভারত হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে। আর ভিলিয়ার্সের সাউথ আফ্রিকা হেরে যায় পাকিস্তানের বিপক্ষে।
জাইনাব পাকিস্তানি টিভি চ্যানেল দুনিয়া নিউজের হয়ে কাজ করেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে এসে সেলফি তুলে আলোড়ন ফেলে দিয়েছেন।

উইজডেনের ক্রীড়া বিশ্লেষক মাজহার আরশাদ টুইটে লিখেছেন, ‘আধুনিক যুগের দুই গ্রেট ব্যাটসম্যান একটি সেলফির পর ডাক মেরেছেন।’
হেমনাথ নামের এক টুইটার ব্যবহারকারী মজা করে ওই সেলফিকে ‘অভিশাপ’ বলছেন, ‘সেলফির অভিশাপে বিরাট প্রথম বলে গেলেন। আগের ম্যাচে গিয়েছিলেন ভিলিয়ার্স।’
পাকিস্তানের দর্শকরা এই সেলফিকাণ্ডে দারুণ খুশি। তাদের ইচ্ছা জাইনাব শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গেও সেলফি নিক। পাকিস্তান নিজেদের পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
জাইনাবও এই ঘটনায় বেশ মজা পাচ্ছেন। সেলফিকাণ্ড নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তিনি দ্বিতীয়বার ছবিদুটি পোস্ট করে ‘হাহাহাহা’ লিখে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন।








