বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে মাশরাফি বিন মর্তুজা। আর একটি উইকেট পেলেই টাইগার দলপতি হবেন প্রথম বাংলাদেশি বোলার যিনি উইকেটের তিন অঙ্কে পৌঁছবেন।
বিদেশের মাটিতে ৮৪ ওয়ানডে খেলে এ ডানহাতি পেসার নিয়েছেন ৯৯ উইকেট। সব ঠিক থাকলে গৌরবের সে উপলক্ষ ধরা দিতে পারে আজই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে।
সাম্প্রতিক সময়ে মাশরাফি ম্যাচ খেলেছেন আর উইকেট পাননি এমনটা খুব কমই দেখা গেছে। সবশেষ ২২ ওয়ানডেতে উইকেটশুন্য ছিলেন কেবল মাত্র দুবার। সেটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে। যেভাবে বোলিং করছেন তাতে আশা করাই যায় বৃহস্পতিবারের ম্যাচেই বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মাশরাফি।
টাইগার অধিনায়কের পেছনেই আছেন সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনারের ৮২ ম্যাচে উইকেট ৮৭টি। আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ৭৪ ম্যাচে ৮৫ উইকেট। বিদেশের মাটিতে পঞ্চাশের বেশি উইকেট পাওয়া অপর বোলার মোহাম্মদ রফিক। ৭৯ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। বাংলাদেশের আর কোনও বোলারের পঞ্চাশ কিংবা তার বেশি উইকেট নেই।
ওয়ানডে ফরম্যাটে সবমিলে মাশরাফির উইকেট সবচেয়ে বেশি। ১৭৩ ম্যাচে ২২৯ উইকেট এ পেসারের। সমান ম্যাচে
সাকিবের উইকেট ২২৪। দু’শ উইকেট পেরোনো তৃতীয় বোলার আব্দুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট এ স্পিনারের।







