১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা ‘হ্যান্ড অফ গড’র গোলের ম্যাচে রেফারি ছিলেন আলী বেনাকিউর। গোলের অনুমোদন দেয়া সেই তিউনিসিয়ান রেফারির সঙ্গে দেখা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। দুই বন্ধু,৭১ বছর বয়সী আলী ও ৫৪ বছরের ম্যারাডোনার আবারও দেখা হলো।
আলীর সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক সাইটে আপ করে ম্যারাডোনা লিখেছেন, ‘এই সপ্তাহে আমি তিউনিসিয়া সফর করেছি। এসময় ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের রেফারি আলী বেনাকিউর সঙ্গে আমার আবেগঘন পুনমিলন হয়েছে।’
তিনি আরো লিখেন, আমি তাকে আর্জেন্টিনার একটি জার্সি দিয়েছি। আর সে আমাকে ওই ম্যাচের একটি ছবি দিয়েছে, যেটা তার বাড়িতে টাঙানো ছিলো।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের দুটি গোলই করেন ম্যারাডোনা। তবে তার প্রথম গোলটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়। হাতের ছোঁয়ায় ইংলিশ গোলপিকার পিটার শিলটনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু রেফারি কিছু না দেখায় ইংল্যান্ডের খেলোয়াড়দের আপত্তির পরও সেটাকে গোলের অনুমোদন দেন।
ম্যাচ শেষে গোল নিয়ে ম্যারাডোনাকে যখন প্রশ্ন করা হয়েছিলো তখন তিনি বলেছিলেন, ‘গোলটি হয়েছে ঈশ্বরের হাতে’। তবে বিতর্ক যাই হোক, ম্যাচ শেষে আর্জেন্টিনায় ম্যারাডোনা এবং আলী একটি পরিবারের নাম হয়ে যায়।







