রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাদেরই সন্তান ঐশী রহমানকে হাইকোর্টে হাজির করা হয়েছে।
ঐশীর করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিকালে গত ৩ এপ্রিল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঐশী রহমানকে ১০ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।
ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাইকোর্টে তাঁকে হাজির করতে বলা হয় বলে ওইদিন সাংবাদিকদের জানিয়েছিলেন আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। আদালতে ওইদিন ঐশীর পক্ষে ছিলেন আইনজীবী আফজাল এইচ খান ও আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের এক ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। পরে ওইদিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন।
এরপর ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঐশীকে মৃত্যুদণ্ড, তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।
ওই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এবং ৬ ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী।








