মাঠে যেকোনো বিবেচনায় এগিয়ে ছিল বার্সেলোনা। তার উপর বিরতির মিনিট বিশেক পর ১০ জনের দল হয়ে পড়ে সেভিয়া। এমন ম্যাচেও কিনা জয়হীন থাকতে হল। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর তাই বেশ বিরক্ত জাভি হার্নান্দেজ। আবার হালও ছাড়ছেন না।
‘এই ড্র আমার কাছে তিক্ত-মিষ্টি। আজ ঘুমানো কষ্টকর হবে। এরপরও আমাকে শান্ত থাকতে হবে। প্রথমার্ধে ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলের বিপক্ষেও বাড়তি সুবিধা নিতে পারেনি ছেলেরা। এটা হতাশার।’
‘চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এই জয় আমাদের প্রয়োজন ছিল। এরপরও ছেলেদের খেলায় খুশি। তারা একসঙ্গে লড়াই করেছে। যে মূলত বার্সেলোনার খেলার ধরন।’
ম্যাচ শেষে উসমানে ডেম্বেলেকে প্রশংসার জোয়ারে ভাসাতেও ভোলেনি জাভি। ফরাসি তারকার নৈপুণ্যেই পয়েন্টের ভাগ পায় বার্সা। অতিথি উইঙ্গার আক্রমণ গড়ে দিচ্ছিল অব্যাহতভাবে। তার বাড়ানো বলেই মাথা ছুঁইয়ে গোল আনেন ডিফেন্ডার রোনাল আরৌজ।
‘এই ড্র লজ্জার। আমাদের সুবর্ণ সুযোগ ছিল পূর্ণ পয়েন্ট আদায় করার। তাহলে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে এগিয়ে থাকতাম। এই মুহূর্তে এক পয়েন্ট আমাদের জন্য কিছুই না। তবে আমি আশাবাদী, নতুন বছরে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে।’
বার্সেলোনার পরের ম্যাচ নতুন বছরে, বড়দিনের ছুটি কাটিয়ে ফিরে ৩ জানুয়ারি মায়োর্কার বিপক্ষে খেলবে কাতালানরা।








