ছোট ছোট বেশ কিছু শিশুর পাশে বসে আছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। দেখতে ভীষণ উজ্জ্বল আর হাসিখুশি দেখাচ্ছিল এই শিশুদের। মাঝে মাঝে তাদের সাথে বিচিত্র সব খেলাতেও মেতে উঠছিলেন প্রিয়াংকা। কেউ কেউ আবার তার কোলেও উঠছিলেন।
জর্ডানে শিশুদের সাথে এমনই চমৎকার একটি দিন কাটালেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তবে এই শিশুদের অধিকাংশই শৈশব বঞ্চিত। যুদ্ধের ভয়াবহতার শিকার এসব শিশুদের জন্য ইউনিসেফের প্রতিনিধি হিসেবে প্রায় ১২ বছর ধরে কাজ করে যাচ্ছেন প্রিয়াংকা।
তারই অংশ হিসেবে এবার প্রিয়াংকা হাজির হয়েছেন জর্ডানের রাজধানী আম্মানে। বেছে বেছে তার পা পড়লো সেখানকার একটি শরনার্থী শিবিরে। যেখানে বসবাস করছে প্রায় কয়েক হাজার সিরিয়ান শিশুও।
শরনার্থী শিবিরের এই শিশুদের সাথেই সময় কাটলো তার। এ নিয়ে নিজের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।
২০১১ সালের যুদ্ধের পর অন্তত পাঁচ মিলিয়ন সিরিয়ান অধিবাসী শরণার্থী হিসেবে আশ্রয় নেয় পাশের দেশগুলোতে। যাদের অধিকাংশই শিশু ও নারী।
এ সময় বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন প্রিয়াংকা। তিনি বিশ্বের সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রিয়াংকা বলেন, ‘আজকের দিনটি বেদনার। আমরা অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছি। তাই তাদের ভয়াবহ পরিস্থিতিটা বোঝাটা বেশ কঠিন।’








