সিলেটের জেলা ও দায়রা জজ থেকে এবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব নিলেন মো: বজলুর রহমান।
বৃহস্পতিবার তিনি এই পদে যোগদান করলে সুপ্রিম কোর্টের ঊর্ধতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত সোমবার মো: বজলুর রহমানকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগের প্রজ্ঞাপনে জারি করা হয়।
আইন মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো: বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।’








