ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শীর্ষ ছয় দলের লড়াই শুরু হবে আগামী সোমবার। মিরপুরের ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী।
শনিবার মিরপুরে সিসিডিএম’র সভা শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সুপার লিগ শুরু হচ্ছে ১৮ তারিখ থেকে। পাশাপাশি রেলিগেশন লিগও চলবে। ১৮, ২১ ও ২৪ এপ্রিল সুপার লিগ ও রেলিগেশন চলবে। এর পর ২৬ ও ২৮ তারিখ সুপার লিগ শেষ হবে। আজ সভায় এটি সিদ্ধান্ত হয়েছে।’
‘সুপার লিগের ম্যাচগুলো আমরা সম্প্রচারের সিদ্ধান্তে এসেছি। প্রতিদিন তিনটি করে ম্যাচ, প্রতিটি ম্যাচই সম্প্রচার করা হবে। মিরপুরের খেলাগুলো টিভিতে লাইভ যাবে, বিকেএসপির দুটি ম্যাচ ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ হবে।’
সালাহ উদ্দিন চৌধুরী আরও জানান, টি-স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যাবে সুপার লিগের ম্যাচ। রাখা হচ্ছে রিজার্ভ ডে। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে খেলার ফলাফল না হলে পর দিন (রিজার্ভ ডে) খেলা হবে।
১১ দলের আসরে সুপার লিগে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮ পয়েন্ট), ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী (১৪ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২ পয়েন্ট), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০ পয়েন্ট)।
সমান ১০ পয়েন্ট নিয়ে এবার সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটি রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে যায় লিগ থেকে।








