বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পাঁচ উইকেটে হারিয়ে সুপার লিগের আশা বাঁচিয়ে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির দেয়া ১৬২ রানের সহজ লক্ষ্য ৩৫.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে টপকে গেছে নুরুল হাসান সোহানের দল।
১০ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১০। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আবাহনী। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে পারলে সেরা ছয়ের সুপার লিগের পথে এগিয়ে থাকবে তারা। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান পাঁচে।
শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের স্পিনাররা চেপে ধরে স্থানীয় দলটির ব্যাটসম্যানদের। ফলে ৪২.১ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় তারা।
ইলিয়াস সানি ও নাসির হোসেন নেন তিনটি করে উইকেট। তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র নেন দুটি করে উইকেট।
বিকেএসপির অধিনায়ক আকবর আলী করেন সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া আমিনুল ইসলাম করেন ২৯ রান।
সহজ লক্ষ্য ছুঁতে বেগ পেতে হয়নি শেখ জামালের। ভারতীয় রিক্রুট অনুতাপ মজুমদার ৪৩, ইলিয়াস সানি ৩২, অধিনায়ক নুরুল হাসান সোহান অপরাজিত ২২ ও নাসির হোসেন করেন ২০ রান।
সুমন খান নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান, আব্দুল কাইয়ুম ও আমিনুল ইসলাম।
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন হয়েছেন সানি।








