প্রতিবারই বিপিএলের শুরুটা হয় ঢাকা থেকে। এবারও ব্যতিক্রম হয়নি। মিরপুরে ৮ ম্যাচের একটি-দুটিতে রান হয়েছে টি-টুয়েন্টির আদলে। বাকি ম্যাচগুলো দর্শকদের মনঃপুত হয়নি। সিলেট অবশ্য আশা দেখাচ্ছে। স্পোর্টিং উইকেট, ভেন্যু হিসেবে এর মধ্যে খ্যাতি পেয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
আগামী ১০ দিন ব্যাট-বলের লড়াই জমবে চায়ের শহর, পুণ্যভূমি সিলেটে। রান উৎসবের দিকে তাকিয়ে থাকবেন দর্শক। ঢাকায় এক ম্যাচ খেলেই চোখের সমস্যায় ছিটকে পড়া রংপুরের বড় তারকা সাকিব আল হাসান ফিরতে পারেন সিলেট পর্ব থেকে।
শুক্রবার দুপুর ২টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। ঢাকা পর্বের দুই ম্যাচের দুটিতে জিতে খুলনা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
সন্ধ্যা ৭টার ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। মাশরাফীর দল প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে।








