বিআরবি কেবলস বিপিএল সিজন থ্রী’র লিগ পর্যায়ের শেষ দিনে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে। আহমেদ শেহজাদের ৩১ বলে ৪২ রান, অলোক কপালির ২৬ বলে ৩২ রান এবং আশার জায়িদীর ২৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পায় কুমিল্লা।
কুমিল্লার ইতিমধ্যে শেষ চার নিশ্চিত হলেও সিলেট সুপারস্টার্সের যাত্রা দীর্ঘ করতে জয় ছাড়া কোন বিকল্প নেই। আর এরকম একটি অগ্নিপরীক্ষায় সিলেটের সামনে লক্ষ্যটি বড়ই বলা যায়। সিলেটের বোলারদের তেমন একটা সফলতা না পাওয়ার দিনটিতে একটি করে উইকেট পান মোহাম্মদ শহীদ, রুবেল হোসেন এবং শহীদ আফ্রিদি।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্ট্যাডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৯ তম ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস ঝড়ো একটি ইনিংস উপহার দেন। ২৮ বলে ২ টি চার ও একটি ছয়ে সাজানো ২৭ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ঝড়ের স্পষ্ট লক্ষণ থাকলেও তা অল্পতেই থামিয়ে দেন শহীদ আফ্রিদি।
এরপরের তিনটি কার্যকরী ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পাওয়া কুমিল্লা অতিরিক্ত খাতেও পায় ১৩টি রান।




