সিরিয়ায় জঙ্গি গােষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে বিদ্রোহীদের দখল করা একটি শহরে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
বৃহস্পতিবার আইএসের কাছ থেকে আল-বাব শহরের দখল নেয় তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। আল-জাজিরা জানায়, আত্মঘাতী হামলাকারীদের টার্গেট ছিল একটি চেক পয়েন্ট, যেখানে শুক্রবার আল-বাবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাওশিয়ান গ্রামের মানুষ ওই চেকপয়েন্টে শহরে প্রবেশর অনুমতির জন্য জড়ো হয়েছিল।
তুর্কি সমর্থিত বিদ্রোহীরা গত সপ্তাহে আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি আল-বাবের আগে অন্য দুটি ছোট শহর কুবাসিন ও আ-বাজেহ দখল করে নেয়।
হামলাস্থলের কাছাকাছি তুর্কি-সিরিয়া সীমান্তের গাজিনটেপ থেকে আল-জাজিরার প্রতিবেদক জানান, আল-বাব শহরের ১০ কিলোমিটার বাইরে হামলা ঘটনা ঘটে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নিহত ৪৫ জনের বেশিরভাগই বেসামরিক মানুষ। আর আহতের সংখ্যা ৭০’র বেশি বলেও জানায় হাসপাতাল সূত্র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল। জঙ্গি সংগঠনটি আরও জানায়, অবিস্ফোরিত বোমা নিস্ক্রিয় করার সময় ফ্রি-সিরিয়ান আর্মির বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছে।








