সিম পুনঃনিবন্ধনে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় হচ্ছে জানিয়ে বিটিআরসিকে এর দায় নিতে বলেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অবৈধ মোবাইল হ্যান্ডসেটের বাজার দিন দিন বড় হচ্ছে স্বীকার করে এ দুর্নীতি বন্ধে সকলের সহযোগিতাও চান প্রতিমন্ত্রী।
শনিবার মোবাইল ফোন সেবা খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন টিআরএনবি’র আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন। হ্যান্ডসেটে অতিরিক্ত কর, দেশে হ্যান্ডসেট শিল্প গড়ে তোলা ইস্যুতে কথা হলেও মূল আলোচনা হলো অবৈধ পথে আসা হ্যান্ডসেট নিয়েই। জানানো হলো, এই মুহূর্তে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের বাজার মোট বাজারের অর্ধেক, প্রায় ৩ হাজার কোটি টাকা।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, অবৈধ ফোনের বিষয়ে বিটিআরসি, কাস্টমস অপারেটর কোনো কিছু করতে পারে না। আমাদের মনে হয় সামগ্রিক একটা কাজের প্রয়োজন আছে।
তিনি আরো বলেন, জব্দ করা ফোনগুলো দিয়ে যদি ৫ কোটি টাকাও সরকারকে দেওয়া যায় তবে এটা দেশেরই উন্নয়ন। এ বিষয়ে একটা প্রস্তাবণা উত্থাপনের প্রয়োজন।
সেমিনারে সিম পুনঃনিবন্ধনে অর্থ আদায়ের কথা জানিয়ে এর জন্য দুষলেন বিটিআরসিকে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এটা দুঃখজনক যে বিভিন্ন জায়গা থেকে রিটেইলারেরা বাড়তি টাকা নিচ্ছেন। আমরা বিটিআরসির মোবাইল টিম গঠন করে দিয়েছি। একটা হেল্প লাইনও আছে। তারপরও আমাদের আত্নসমালোচনা করা উচিত।
এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া থাকলে তা বাস্তবায়ন হয়নি বলে মনে করেন তারানা হালিম।
সেমিনারে মোবাইল ফোন সেবাদাতারা গ্রাহককে কিস্তিতে হ্যান্ডসেট দেওয়ার জন্য ‘মোবাইল লক’ পদ্ধতির অনুমতি চান। তাৎক্ষণিক সিদ্ধান্ত না জানালেও এ নিয়ে ইতিবাচক মনোভাব দেখান বিটিআরসি চেয়ারম্যান।








