অস্ট্রেলিয়া সফর শেষে সিঙ্গাপুর হয়ে সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দল। বিমানবন্দরে ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির কয়েকজন প্রতিনিধি। ৯ দলের টি-টুয়েন্টি টুর্নামেন্টে রানার্সআপ হয়ে ফিরল আকবর আলীর দল। দেশে ফিরেই ফেসবুকে একটা পোস্ট দেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ব্যাগেজ ডিক্লারেশন ফর্মের ১২টি বানানে অসঙ্গতি তুলে ধরেন।
এয়ারলাইন্স কর্তৃপক্ষকে দ্রুত সংশোধনী আনার জন্য অনুরোধ জানান আকবর। তার দাবি, বানানে এতগুলো ভুলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’র বদনাম হচ্ছে।
আকবরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল: গতকাল ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকা আসি। সিঙ্গাপুর থেকে বিমানে উঠার সময় Singapore Airlines কর্তৃপক্ষ সবাইকে Baggage Declaration Form দেয়। ল্যান্ডিং এর আগে আগে ওটা পূরণ করতে গেলে দেখি, চার পৃষ্ঠার form এ কমপক্ষে ১২টি বানান ভুল। বানান ভুল হতেই পারে, কিন্তু সেটা যখন বাংলাদেশকে represent করে এবং এত্তগুলো ভুল হয় তখন তা খুবই অপমানজনক। সব থেকে বড় কথা আমাদের দেশের অফিসিয়াল নামের বানানও ভুল লেখা। এর থেকে খারাপ আর কি হতে পারে?

সম্ভবত নতুন Baggage Declaration Form টা নতুন বাজেটের পর করা হয়েছে। নতুন বাজেটেরও প্রায় ৫০ দিন হয়ে গিয়েছে। ৫০ দিনে কতগুলো দেশ থেকে কতগুলো বিমান ঢাকায় ল্যান্ড করেছে ? কতজন যাত্রী দেশে ঢুকেছে ? কতজন বিদেশি যাত্রী দেশে ঢুকেছে? তারা কি দেখেনি, CURRENCE / TECHNOLOTY / SEAKERS / PROHI BITED লেখাগুলো? আর তারা কি ভাবেনি, বাংলাদেশের মানুষ অনেক careless , নিরক্ষর , গোমূর্খ ?
কারণ কথায় আছে, first impression is the last impression.
জানি না form কারা ছাপিয়েছে। Airlines, customs নাকি বিমানবন্দর কর্তৃপক্ষ / মন্ত্রণালয়। কিন্তু দুর্নামটা হচ্ছে The People’s Republic of Bangladesh বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর।








