ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে যেতে বিড়ম্বনার মুখে পড়েছেন সানচেজ। স্পেনে কর ফাঁকি মামলায় ১৬ মাসের স্থগিত কারাদণ্ড পাওয়ায় তার এই অবস্থা।
রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে ম্যানইউ। সেখানে ২৪ সদস্যের দলে নেই সানচেজ।
স্পেনের একটি আদালত সানচেজকে ফেব্রুয়ারিতে ১৬ মাসের স্থগিত কারাদণ্ড দেয়। এই ধরনের রায়ে অভিযুক্তকে জেল খাটতে হয় না। জরিমানা দিলেই মুক্তি মেলে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কর ফাঁকিতে অভিযুক্ত কোনো ব্যক্তি সেদেশে ভ্রমণ করতে পারেন না।
সানচেজ তবু আইনজীবীকে দিয়ে ভিসা বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ম্যানইউ প্রাক-মৌসুমের শুরুতে শুক্রবার মেক্সিকান একটি ক্লাবের বিপক্ষে খেলবে। এছাড়া এসি মিলান, লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টেও খেলার কথা রয়েছে।





