সুযোগ ছিল ওয়ানডেতে পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট এবং ৫ হাজার রানের মালিক ছোঁয়ার। কিন্তু অপেক্ষাটা বাড়ল সাকিব আল হাসানের। মাইলফলক থেকে ১৭ রান দূরে থেমে ফিরতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামার আগে পাঁচ হাজারী ক্লাবে নাম লেখাতে সাকিবের দরকার ছিল ৩২ রান। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে উইকেটরক্ষক মাহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ধরা পড়ার আগে সাকিব করতে পেরেছেন মাত্র ১৫!
যদি ফাইনালে পৌছাতে ব্যর্থ হয় বাংলাদেশ, তাহলে সাকিবের অপেক্ষা বাড়তে পারে আরো কয়েক মাস। চ্যাম্পিয়ন্স ট্রফির পর সেপ্টেম্বরের আগে ওয়ানডে খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। ঐ মাসের শেষে সাউথ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। মাইলফলকের জন্য ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
সাকিবের আগে মাত্র চারজন ক্রিকেটার এই মাইলফলক ছুঁতে পেরেছেন। অভিজাত ক্লাবে নাম লেখানো চার ক্রিকেটার হলেন- সনাথ জয়সুরিয়া (১৩৪৩০ রান এবং ৩২৩ উইকেট), জ্যাক ক্যালিস (১১৫৭৯ রান এবং ২৭৩ উইকেট), শহীদ আফ্রিদি (৮০৬৪ রান এবং ৩৯৫ উইকেট) এবং আব্দুর রাজ্জাক (৫০৮০ রান এবং ২৬৯ উইকেট)।








