মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে কোনো সংস্করণেই খেলবেন না সাকিব আল হাসান। তবে এই সময়টায় তিনি থাকবেন ক্রিকেট মাঠেই। খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগেই জানা গিয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে আসর মাতাবেন। এবার সারলেন চুক্তির আনুষ্ঠানিকতা।
বুধবার ডিপিএলের দলবদলের প্রথম দিনে অনলাইনে সেরেছেন কাজ। এদিন দলবদল করেছেন ১২টি ক্লাবের ৭৫ ক্রিকেটার।
বাকিরা বৃহস্পতিবার দলবদলের শেষ দিনে দলবদল করবেন। গতবার সাকিব খেলেছেন মোহামেডানের হয়ে। এবার গত আসরের রানার্সআপ দলটিতে নাম লিখিয়েছেন। শুরুর দিন মাত্র চার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। পুরো স্কোয়াড চূড়ান্ত করবে বৃহস্পতিবার। এদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে নিয়েছে তিন ক্রিকেটারকে।
প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে ওঠা পারটেক্স ও গাজী টায়ারস অনেকটাই গুছিয়ে নিয়েছে তাদের দল। এছাড়া রূপগঞ্জ টাইগার্স, শাইনপুকুর স্কোয়াড সাজিয়ে ফেলেছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথম দিনে নিয়েছে গুটিকয়েক ক্রিকেটারকে।
আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জ বৃহস্পতিবার দলবদল সারবে। ডিপিএলের এবারের আসর শুরু হবে ৯ মার্চ।








