আইপিএলের এবারের আসরের সপ্তম ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে বাংলাদেশের সমর্থকরা। কারণ নতুন দলে নাম লেখানোর পর প্রথমবারের মত মুখোমুখি হওয়ার অপেক্ষা ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। বৃহস্পতিবার তাদেরকে একাদশে রেখেই নিজ নিজ দল সাজিয়েছে মুম্বাই ও হায়দরাবাদ।
রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
সাকিব-মোস্তাফিজের দলে থাকাটা অনুমেয়ই ছিল। নিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন দুজনই। যদিও সাকিবের দল জিতলেও হার দেখতে হয়েছিল ফিজের দলকে।
প্রথম ম্যাচে বল হাতে উজ্জ্বল সাকিব ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সেরা সফল বোলার ছিলেন। ওই ম্যাচে হায়দরাবাদ ৯ উইকেটের জয় পায়। আর মোস্তাফিজ এক উইকেট পেলেও ৩.৫ ওভারে খরচ করেছিলেন ৩৯ রান। শেষ ওভারে প্রতিপক্ষকে ৭ রানের নিচে আটকে নায়ক হওয়ার সুযোগ ছিল কাটার মাস্টারের, পারেননি!








