মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেশের শীর্ষ দুই যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
রায়ের কপি এখন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সেখান থেকে ট্রাইব্যুনালের নির্দেশক্রমে রায়ের কপি কারাগারে পাঠানো হবে। রায়ের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসক কার্য্যালয়েও পাঠানো হবে। কারা কর্তৃপক্ষের কাছে রায় পৌঁছানোর পর সরকার যে কোনো সময় ফাঁসির আদেশ কার্যকর করতে পারে।
রায় প্রদানকারী প্রধান বিচারপতিসহ চার বিচারপতি স্বাক্ষর শেষে বৃহস্পতিবার বিকালে এ রায় প্রকাশ করে আপিল বিভাগ। গত বুধবার সাকা-মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
রায় প্রকাশের পর এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ ও সাকাকে পূর্ণাঙ্গ রায়ের কপি পড়ে শোনানো হবে। মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে সর্বশেষ সুযোগ হিসেবে তাদের সামনে রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া সুযোগ রয়েছে।
রায় শোনানোর মাধ্যমে কারা কর্তৃপক্ষ তাদের কাছে জানতে চাইবেন যে তারা ক্ষমা চাইবেন কি-না। ক্ষমা প্রার্থনার এ বিষয়টি নিষ্পত্তির পর সরকারের সিদ্ধান্ত অনুসারে ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আজ তাঁদের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন। রায়কে ঘিরে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







