মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বেঞ্চ। একই সঙ্গে তাদের ফাঁসির আদেশ বহাল রেখেছেন।
সাকা ও মুজাহিদের রিভিউ শুনানি শেষে আজ বুধবার সকালে এ রায় দেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয় গতকাল (সোমবার)। আর সাকা চৌধুরীর রিভিউ শুনানি হয় আজ(বুধবার)। দুই দিনে শুনানি হলেও রায় হলো একই দিনে রায় হলো।
গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।







