ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে হয়রানিমূলক মামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী সোমবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ পরিবেশনের কারণে ক্ষুদ্ধ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একজন রাজনৈতিক নেতা পেশাদার সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে যেভাবে হয়রানি করছেন তা মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী।
গত ২২ মার্চ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যুগের চিন্তা পত্রিকায় ফতুল্লা থানার একজন রাজনৈতিক নেতার দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৫ মার্চ ওই রাজনৈতিক নেতা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।







