ব্যাপক সমালোচনার মুখে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন নিয়ে নিজের করা মন্তব্য থেকে সরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘সমস্ত ঘটনা আমার সঠিকভাবে জানা ছিল না। গতকাল (শুক্রবার) আমার কাছে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়েছে। আমি ভেবেছি সাংবাদিকদের সাথে তাদের (পুলিশের) সবসময় ভালো সম্পর্ক রয়েছে, তাই হয়তো কোন একটা ঘটনা ঘটেছে।’
শনিবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। তারা বিভিন্ন সময় যে সংবাদ দেখায় সেটি দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করি।

এদিন সাংবাদিকের উপর পুলিশি হামলার ঘটনায় তিনি আরো বলেন, ‘যদি এ ধরনের কোন ঘটনা পুলিশ করে থাকে, তবে তার বিচার হবে। এগুলির ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে। তা যাচাই বাছাই করা হচ্ছে। আমাদের একটি তদন্ত কমিটি হয়েছে। যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে বেদম মারধর করে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সাংবাদিক নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কা লেগে যায় এবং এটি স্বাভাবিক।
শনিবার সাংবাদিকের উপর পুলিশি হামলার ঘটনায় জাতীয় জাদুঘরের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান গণমাধ্যমকর্মীরা। এসময় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।








