আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ‘১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’ সম্মাননা পেলেন রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
৩০ জানুয়ারি সিলেট হবিগঞ্জের দ্য প্যালেসে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আজাদ রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সৈয়দ আব্দুল হাদী প্রমুখ।
বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের এবারের মিউজিক অ্যাওয়ার্ডে। রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ এর সংগীত পরিবেশন ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে একদল নৃত্যশিল্পী। অনুষ্ঠানটি শিগগির চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার হবে।
বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’।
এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হয়। যে বিভাগগুলোতে সম্মাননা দেয়া হয় সেগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।








