দেশের দ্বিতীয় বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে হঠাৎ করেই সবরকম চিকন চালের দাম বেড়েছে। চালের বাজার দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর হঠাৎ করে কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।
মিনিকেট ৩৮ টাকা থেকে বেড়ে এখন ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। একই হারে বেড়েছে কাজললতাও। ৩২ টাকার চাল এখন ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে। চালের বাজার হঠাৎ বেড়ে যাওয়ায় স্বস্তিতে নেই ক্রেতা সাধারণ ।
বিক্রেতারা বলছেন, মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে বাজারে চালের দাম বেড়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তর চালের মোকাম খাজানগরের চাল ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম স্থিতিশীল থাকায় এতদিন চালের দাম বাড়েনি। এখন ধানের বাজার উর্ধ্বমুখী হওয়ায় বেড়েছে চালের দাম।
মিল মালিকরা বলছেন, বাজারে চিকন ধানের সংকট থাকায় বেশি দামে ধান কিনতে হচ্ছে তাদের।








