রাজনীতি এবং দেশের উন্নয়নের সঙ্গে টেলিভিশনের ভূমিকা বিষয়ে চ্যানেল আইয়ে বিশেষ সাক্ষাতকার দিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, সঠিক এবং সাহসী সাংবাদিকতা দেশের কল্যাণে খুবই গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন লন্ডনে থাকা এ রাজনীতিবিদ গণমাধ্যম-রাজনীতি-দেশের উন্নয়নের বিভিন্ন বিষয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। সৈয়দ আশরাফ বলেন, প্রত্যেক গণমাধ্যমের জন্যই সৃজনশীলতা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,‘ টিকে থাকার বিষয়টি নির্ভর করে গণমাধ্যমের মানের ওপর। সংবাদ, বিনোদন কিংবা স্পোর্টস, কিষয় যেটাই হোক তা প্রচারের জন্য আদর্শমান থাকতে হবে। বাংলাদেশের টেলিভিশন সম্পর্কে বলতে গিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশে সংবাদ পরিবেশনা হয় কিন্তু এখানে ইনভেস্টিগেটিভ অনুষ্ঠান অনেক কম।
তার মতে, দেশের উন্নয়নে আরো বিশদভাবে সামাজিক ইস্যু, অর্থনীতি, কৃষি, সামাজিক ব্যবস্থা নিয়ে সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রয়োজন।
সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন ইলেক্ট্রনিক মিডিয়ার যে শক্তি তার যেমন অপব্যবহার করা যায় তেমনি ভালোভাবে ব্যবহার করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখা যায়।
তারুণ্যে পা রাখা চ্যানেল আইয়ের প্রতি শুভ কামনা জানিয়ে, তিনি আশা প্রকাশ করেন, চ্যানেল আই ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে সাহসিকতা দিয়ে এগিয়ে যাবে।
চ্যানেল আইয়ের আঠারোতম জন্মদিনে চ্যানেল আইয়ে এসেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।








