শীতের সকালটা মেঘ-কুয়াশায় ঢেকে দিয়েছে পুরোপুরি। এমন কন্ডিশনে পেসারদের মুখে হাসি থাকার কথা। কিন্তু তারাই ব্রাত্য মিরপুরে। নতুন বলে টিম সাউদি ও কাইল জেমিসন ৫ ওভার বোলিং করেই বুঝে গেছেন উইকেট আসলে স্পিনারদের স্বর্গরাজ্য। অ্যাজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার বোলিংয়ে এসেই পেয়েছেন সাফল্য। বাহাতি স্পিনদ্বয় দুটি করে উইকেট নিয়ে মিরপুরে টেস্টের সকালেই ধস নামিয়েছেন বাংলাদেশ ইনিংসে।
প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮০ রান। খেলা হয়েছে ২৮ ওভার। মুশফিকুর রহিম ১৮ ও শাহাদাত হোসেন দীপু ১৪ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন। পঞ্চাশের আগেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে অনেক দূর টানতে হবে লোয়ার মিডলঅর্ডার ব্যাটারদের।
সিলেট টেস্টের মতোই ওপেনিং জুটি খুব খারাপ করেনি। ইনিংসের ১১তম ওভারে জাকির হাসান ৮ রান করে স্যান্টনারের শিকার হন। ভাঙে ২৯ রানের ওপেনিং জুটি। ১৮ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় (১৪), মুমিনুল হক (৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৯)।
সিলেট প্রথম টেস্টে কিউইদের ১৫০ রানে হারায় বাংলাদেশ। ঢাকায় সিরিজ জয়ের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ।
সফরকারী দলের একাদশে এসেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার ইস সোধির জায়গায় খেলছেন স্যান্টনার।








