অনুষ্ঠান করতে এসে হেনস্থার শিকার হলেন কলকাতার সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। আর সেটা নিয়ে ফেসবুকে সরব হলেন নিজেই।
একটি অনুষ্ঠানে এসে তার সঙ্গের যন্ত্রশিল্পীরা হেনস্থার শিকার হলে ফেসবুকে লোপামুদ্রা লিখেন, এটা নাকি তার গত ২৫ বছরের শিল্পীজীবনের অভিজ্ঞতার সাথে একেবারেই মিলে না।
পূর্ব মেদিনীপুর খেজুরি থানা অন্তর্গত একটি ক্লাবের অনুষ্ঠানে গত মঙ্গলবার কালিপূজার অনুষ্ঠানে গান গাইতে যাবার কথা লোপামুদ্রার। সে প্রস্তুতি নিয়ে রওনাও দিয়েছিলেন তিনি। কিন্তু পথের মাঝে জানতে পারেন, স্থানীয় লোকজন তার যন্ত্রশিল্পীদের আটকে রেখেছেন। কারণ, ২০১৬ সালের জানুয়ারী মাসে একই গ্রামে অনুষ্ঠান করতে আসার কথা ছিল টিভি সিরিয়ালের কয়েকজন অভিনেত্রীর। কিন্তু তারা সেইবার আসেননি। সেই রাগ ঝাড়তেই নাকি এবার অনুষ্ঠান করতে আসা শিল্পীর টিমের ওপর এমন হামলা। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় যন্ত্রশিল্পীদের উদ্ধার করা হয়।
এটা নিয়ে স্থানীয় ক্লাব সদস্যরা, যাদের মাধ্যমে শিল্পীদের অনুষ্ঠান করতে আনা হয় তারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। তাদের প্রত্যেকের কথায়, আসলে অনেকটা ভুল বোঝাবুঝি থেকেই এমনটা হয়েছে।
অন্যদিকে এমন ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের খারাপ লাগা অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন লোপামুদ্রা মিত্র।









