শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তার শেষ অ্যাসাইনমেন্টে নানা চমক রেখেছেন। যার প্রথমটি হলো টি-টুয়েন্টি দলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার আলিস আল ইসলামকে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে নিয়েছেন। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো তামিম ইকবালের এবারও ফেরা হয়নি ওয়ানডে দলে। সাকিব আল হাসানও খেলবেন না দুই সংস্করণেই।
মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনটি করে ওয়ানডে, টি-টুয়েন্টির পাশাপাশি রয়েছে দুটি টেস্ট। লাল বলের ক্রিকেটে সাকিব-তামিমের ফেরা হয় কিনা সেটিই এখন দেখার অপেক্ষা।
তিন ফরম্যাটেই নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি।
ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে আছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন।
টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ ফিরেছেন টি-টুয়েন্টি দলে। শুধুমাত্র ওয়ানডেতে আছেন মেহেদী হাসান মিরাজ।
আগামী ১ মার্চ, বিপিএলের ফাইনালের দিন বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা। ৪ মার্চ থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সবকটি ম্যাচই হবে সিলেটে। ওয়ানডে সিরিজ পুরোটা হবে চট্টগ্রামে।
টি-টুয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত। (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।








