বলিউড সিনেমায় ইতোমধ্যেই নাম লেখিয়েছেন বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। বড় বোনের পথেই এবার হাঁটতে শুরু করছেন ছোট বোন খুশি কাপুর।
বেশ কয়েক বছর ধরেই খুশির সিনেমায় আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তার বাবা বনি কাপুর নিশ্চিত করেছেন আগামী এপ্রিলেই শ্রীদেবীকন্যা ক্যামেরার সামনে দাঁড়াবেন।
ভারতীয় সংবাদমাধ্যমে বনি কাপুর বলেন, ‘খুশি অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করবেন। তবে সেটি কোন সিনেমা্র মাধ্যমে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।’
তিনি আরও বলেছেন, একজন বাবা হিসেবে অর্জুন এবং জাহ্নবী ক্ষেত্রেও এই বিষয়টি বজায় রেখেছিলাম। তাদের পেশা নিয়ে এখনো আলোচনা করি। কিন্তু নিজের মতামত তাদের উপর চাপিয়ে দিই না। চূড়ান্ত সিদ্ধান্ত তাদেরই। আজ অর্জুন এবং জাহ্নবী প্রতিষ্ঠিত। তারা দুজনেই ভালো কাজ করছে।’
এদিকে গুঞ্জন ওঠেছে, নেটফ্লিক্সের জন্য একটি সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় পরিচালক জয়া আখতার। যেখানেই নাকি অভিনয় করবেন খুশি কাপুর। এছাড়া এ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগাস্ত্যাকেও দেখা যাবে।







