সুপার হিরোময় ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ জ্বরে কাঁপছে বিশ্ব। তার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। গেল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। বাংলাদেশে শুধুমাত্র ছবিটি মুক্তি পায় বসুন্ধরার সিটির স্টার সিনেপ্লেক্সে। ছবিটি নিয়ে দেশিয় দর্শকের আগ্রহ আর টিকেট নিয়ে হুড়োহুড়ি ছিলো দেখার মতো। এখনো অগ্রীম টিকেট পাওয়া যাচ্ছে না ছবিটির। দেশিয় দর্শকের এমন আগ্রহ দেখেই শুক্রবার থেকে ‘অ্যাভেঞ্জার্স’ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর শ্যামলী সিনেমা হল কর্তৃপক্ষ।
চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন শ্যামলী সিনেমা হলের একজন কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, শুক্রবার(৪ মে) থেকে শ্যামলী সিনেমা হলে মুক্তি দেয়া হচ্ছে বিশ্বের আলোচিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। প্রতিদিন চারটি শো দেখাবে হল কর্তৃপক্ষ। দুপুর ১২টা, ২টা ৪০, ৫টা ৩০ এবং ৮টার নিয়মিত শো টাইমেই চলবে ছবিটি।
জানালেন, অ্যাভেঞ্জার্স নিয়ে মানুষের মাতামাতির কারণেই দেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘চালবাজ’ ছবিটি দ্বিতীয় সপ্তাহে না চালিয়ে মার্ভেল সিরিজের সাড়া জাগানো হলিউড ছবিটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে শোনা যাচ্ছে, প্রথম সপ্তাহে ১০৫টি প্রেক্ষাগৃহে ‘চালবাজ’ মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে ছবিটি আরো দশটির বেশি প্রেক্ষাগৃহ নতুন করে পাচ্ছে। তার মানে দ্বিতীয় সপ্তাহেও সারা দেশে নিজের দাপট অব্যাহত রাখতে চলেছেন শাকিব। কলকাতার এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী।
অন্যদিকে অ্যাভেঞ্জার্সের সুপার হিরোরা বিশ্বজুড়ে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে সামনের দিকে। মুক্তির পরে মাত্র এক সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’। গত এক সপ্তাহে ছবিটি আমেরিকায় আয় করেছে মোট ৩০৫.৯ মিলিয়ন ডলার এবং বিশ্বের অন্যান্য স্থানে আয় করেছে ৫০২.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ‘স্পাইডার ম্যান টু’ (৭৮৪ মিলিয়ন), ‘ডেডপুল’ (৭৮৩ মিলিয়ন) ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ (৭৭৩ মিলিয়ন), ‘দ্য আমেজিং স্পাইডার ম্যান’ (৭৫৮ মিলিয়ন), ‘এক্স-ম্যান: ডেইজ অব ফিউচার পাস্ট’ (৭৪৮ মিলিয়ন) এবং ‘সুইসাইড স্কোয়াড'(৭৪৭ মিলিয়ন) এর মতো বক্স অফিস কাঁপানো সব ছবিকে।







