বয়সটা ৩৫ পেরিয়ে গেছে! শোকেসে জমেছে একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিসহ অনেক অর্জন। এবার কি ব্যাট-প্যাড তুলে রাখার পালা? ফিসফাস চলতে থাকা শোয়েব মালিক এক ঝটকায় উড়িয়ে দিলেন সকল গুঞ্জন। পাকিস্তানি অলরাউন্ডার খুব তাড়াতাড়ি তো নয়ই, বরং আরো দুটি বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান।
পাকিস্তানের হয়ে ১৯৯৯ সালে অক্টোবরে রঙিন পোশাকে অভিষেক। একটা সময় দলটির মিডলঅর্ডারের ভরসা ছিলেন। মাঝে জাতীয় দলে আসা-যাওয়ায় কেটেছে অনেকটা সময়। মালিক এখন আবার ব্যাট হাতে পারফর্ম করে যাচ্ছেন। অভিজ্ঞ এই অলরাউন্ডার ফিরে আবারো পাকিস্তান দলের রঙিন পোশাকের দুই সংস্করণেই ভরসা হয়ে আছেন।
সদ্যগত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। এরপরই গুঞ্জন শুরু হয় দুই সিনিয়র ক্রিকেটার মিসবাহ-উল-হক এবং ইউনিস খানের পথ অনুসরণ করতে পারেন মালিক। মিসবাহ এবং ইউনিস মাথা উঁচু করেই ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। যা পাকিস্তানের দীর্ঘ ক্রিকেট ইতিহাসের বিরল ঘটনাই বলা চলে। তবে মালিক জানালেন তার ফিটনেস এখনো যথেষ্ট ভালো। তাই খেলাটা চালিয়ে যেতে চান।
‘যদি আমার ফর্ম নিচে না নামে, কিংবা যে ফিটনেস আছে তা ধরে রাখতে পারি, আগামী ৫০ ওভারে বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের পর হয়ত বিদায় বলতে পারি’ -নিজের ভবিষ্যৎ নিয়ে আপাতত এমন পরিকল্পনাই এঁটেছেন মালিক।
প্রথম পাকিস্তানি হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা ক্রিকেটার হতে চান মালিক। তবে এজন্য তাকে অপেক্ষা করতে হবে আরো তিন বছর। এই সময়ের মধ্যে যদি শরীর সাড়া না দেয় তবে দলের বোঝা হতে চাইবেন না বলেও জানালেন, ‘আমার ইচ্ছা প্রথম পাকিস্তানি হিসেবে আইসিসির তিনটি আসর জেতা একমাত্র ক্রিকেটার হওয়া। তবে আমি কখনোই দলের বোঝা হয়ে থাকতে চাই না। এমনটা ঘটলে সঙ্গে সঙ্গে অবসরে যাবো।’








