সুলতান নিয়ে পুরো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন সালমান খান। আর বলিউড জুড়ে এখন চলছে বায়োপিকের জয়জয়কার। ‘ভাগ মিলখা ভাগ’র পর মেরি কমের সাফল্যেই পথ দেখিয়েছে ধোনি ও সুলতানকে।
এক বায়োপিকের দূর্দান্ত সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন আরেক বায়োপিকে সালমানকে দাবি করে বসলেন স্বয়ং প্রধান চরিত্র। নিজের বায়োপিকে সালমান খানকেই চাইলেন সাবেক পাকিস্তানি পেস বোলার শোয়েব আখতার।
বেশ আগেই খেলা থেকে অবসর নিয়েছেন শোয়েব। তারপর থেকে ধারাভাষ্যকারের ভূমিকাতেও বেশ জনপ্রিয় তিনি। কথা রয়েছে ভারতের একটি কমেডি শোয়ের বিচারক হিসেবে অংশ নেওয়ারও। আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনির পর এ বার কি তবে শোয়েব আখতারের বায়োপিক হবে বলিউডে?
শোয়েব আখতার অবশ্য মনে করেন, ভক্তরা যদি তার চরিত্রকে ইনস্পায়ারিং বলে মনে করেন, তবে সিনেমা হতেই পারে৷ সেটা তার ঠিক করার কথা নয়। তবে নিজেকে বড় পর্দায় দেখার ক্ষেত্রে সালমান খানের মুখটাই তার বেশি পছন্দ।
বলিউডে বিগত বেশ কয়েক বছর ধরেই বায়োপিক এবং বাস্তব ঘটনা নির্ভর ফিল্ম তৈরির প্রবণতা বেড়েছে। গতানুগতিক কমার্শিয়াল ছবির তুলনায় ইদানিং এই ধরনের ছবিগুলির ক্ষেত্রে দর্শকদের আকর্ষণ বেড়েছে অনেকটাই ।
তবে মাঠ ও মাঠের বাইরে শোয়েবের যা মেজাজ ও ইমেজ, তাতে নিজের বায়োপিকে সালমানকে ভেবে হয়তো খুব বেশি ভুল করেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এ বার শুধু সালমানের উত্তর আর প্রযোজকের অপেক্ষা।








