আফগানদের শেষ মিনিটের গোলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হলো বাংলাদেশ। প্রথমার্ধের ৪ মিনিটে এমিলির গোলে এগিয়ে গেলেও ম্যাচের শেষ মিনিটে গোল শোধ করে দেয় আফগানিস্তান।
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিলো দু’ দল। খেলার চতুর্থ মিনিটে মামুনুলের ফ্রি-কিকে হেডে গোল করে বাংলাদেশকে ১-০ তে এগিয়ে দেন স্ট্রাইকার এমিলি। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ফিফা র্যাংকিং-এ ১৩৫ নম্বরে থাকা আফগানিস্তান। ইনজুরি টাইমের শেষ মুহুর্তে ইসমাত সানোয়ারির গোলে আফগানিস্তান খেলায় সমতা আনে। আফগানদের চেয়ে ফিফা র্যাংকিং-এ ৩৪ ধাপ পেছনে থাকা বাংলাদেশ বঞ্চিত হয় সম্ভাব্য জয় থেকে।
আগামী ১১ জুন কিরঘিজস্থান এবং ১৬ জুন তাজিকিস্থানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য এই ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ।







