ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। টানা ছয় ম্যাচে ব্যাটিংয়ের চিত্রটা একই থাকল। শেষ টি-টুয়েন্টিতে খানিকটা বেশিই হতাশ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৭৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিক দল। ৭৭ রানে হেরে হতে হল ৩-০তে হোয়াইটওয়াশ।
৫৩ রানে ৯ উইকেট হারানোর পর অধিনায়ক জ্যোতির লড়াই হারের ব্যবধান খানিকটা কমিয়েছে। ডানহাতি ব্যাটার ৩১ বলে ৩২ রান করেন। দলের সেরা ব্যাটার নামেন সাত নম্বরে।
দিলারা আক্তার ১২, রিতু মনি ১০, ফাহিমা খাতুন ১১ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুঅঙ্কের ঘর। অস্ট্রেলিয়ার সাত বোলার মিলে বাংলাদেশের দশটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।
এর আগে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতেও বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে অ্যালিসা হিলি দারুণ শুরু এনে দেন। শেষে তাহলিয়া ম্যাকগ্রাথের ক্যামিওতে দেড়শ পেরিয়ে যায় দলটি।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে সফরকারী মেয়েরা, অজি অধিনায়ক হিলি ২৯ বলে ৪৫ রান করেন। ম্যাকগ্রাথ ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। গ্রেস হ্যারিস ১১ বলে ১৯ রান করেন।
টাইগ্রেস বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ওভারে ৩১ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। শরিফা খাতুন ও রাবেয়া খান নেন একটি করে উইকেট। পুরো সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন সোবহানা মোস্তারি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজেও ভাগ্য বদলাতে পারেনি জ্যোতির দল। অজিদের শক্তি কাছে হতে হল বিধ্বস্ত।








