প্রায় দুই দশক পর পর্দায় আসছে হলিউডের জনপ্রিয় ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের নতুন ছবি ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। ১৯৯৯ সালে মুক্তি পায় বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’। এই সিরিজের পরের দুই সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশন্স’।
২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেলেও ঢাকার দর্শকরা ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের নতুন ছবিটি দেখতে পারবেন শুক্রবার (২৪ ডিসেম্বর)। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
১৯৯৯ সালে মুক্তি পায় ‘দ্য ম্যাট্রিক্স’। মুক্তির পরপরই সিনেমাটি ব্যাপক সাড়া পায়। সেই সময়ে এই সিনেমাটি বক্স অফিস থেকে ৪৬৫.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিলো। এর পরের দু’টি সিনেমাও বক্স অফিস থেকে যথাক্রমে ৭৩৯.৪ মিলিয়ন ও ৪২৭.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’কে সিরিজটির শেষ বলে ধারণা করেছিলেন ভক্তরা। তবে ভক্তদের চমকে দিয়ে আবারও পর্দায় ‘ম্যাট্রিক্স’।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমার শুটিং শুরু হয়। স্যান ফ্রান্সিসকো ছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের শিকাগোতে এই সিনেমাটি শুটিং করা হয়েছে। তবে করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাসের পর সিনেমাটির শুটিং স্থগিত করা হয়। তারপর একই বছরের আগস্টে জার্মানির বার্লিনে সিনেমাটির শুটিং শুরু হয়।
‘দ্য ম্যাট্রিক্স’-এর চতুর্থ পর্বে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ছাড়াও থাকছেন নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউক সহ একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা এবং বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।
আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি, আর নিও এবং ট্রিনিটি চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস ও অভিনেত্রী ক্যারি অ্যান মস। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার কাহিনী যেখান থেকে শুরু হয়েছিলো এই সিনেমার কাহিনী ঠিক সেখানেই ফিরে যাবে। অর্থাৎ ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমায় ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার কাহিনীর পুনরুত্থান ঘটবে।








