কঠোর বিধিনিষেধের কারণে প্রশাসনের কড়াকড়িতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহন নেই।
রোববার সকাল থেকে এ নৌপথে ৮টি ফেরি চলাচল করছে। যাত্রীশূন্য অবস্থা ও যানবাহনের পরিমাণ খুবই কম থাকায় এই নৌপথে ফেরির সংখ্যাও কমানো হয়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, যাত্রীর চাপ নেই। পুরো ঘাট খালি। কিছু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করা হচ্ছে।
যাত্রী ও যানবাহন না থাকায় ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ৮টি ফেরি। যাত্রী বা যানবাহনের চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী ফেরির সংখ্যা বাড়ানো হবে।
শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ি নেই, যেসব গাড়ি আসছে সেগুলো সরাসরি ফেরিতে যেতে পারছে।







