একুশে পদক প্রাপ্ত, দেড় শহস্রাধিক লোকগানের রচয়িতা বাউল শাহ্ আব্দুল করিমের সৃষ্টি সংরক্ষণের দাবি জানিয়েছেন তার ছেলে শাহ্ নূর জালাল।
শাহ্ আব্দুল করিমকে তরুণ প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্মৃতি জাদুঘর, স্কুল সঙ্গীতাঙ্গ, দর্শনার্থীদের জন্য বাংলো নির্মাণ এবং তার গান সংরক্ষণের দাবি জানান শাহ্ আব্দুল করিমের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাউলের ছেলে জানান, আগামী ৩ মার্চ থেকে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল গ্রামে শুরু হবে ‘শাহ্ আব্দুল করিম লোক উৎসব’। অনুষ্ঠানটির পৃষ্ঠোপোষকতা করছে প্রাণ বেকারির পণ্য অলটাইম| দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমদিন থাকবে বাউলের জীবন ও কর্মের উপর আলোচনা। এরপর রাতভর গান পরিবেশন করবেন বিভিন্ন স্থান থেকে আগত অতিথি ও শিল্পীরা। দ্বিতীয় ও শেষ দিনে গান গাইবেন ঢাকা থেকে আগত শিল্পীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অলটাইম এর হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ পটেটো ক্র্যাকারের ব্রান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেলিন। মনিরুল ইসলাম বলেন, ‘ বাউল শাহ আব্দুল করিমের কর্মকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।’
তার গান প্রাণ স্ন্যাকস্ এর ইউটিউব চ্যানেলে সংরক্ষণ ও দর্শক-শ্রোতাদের কাছে উপস্থাপনের লক্ষে কাজ করছে বলে জানান মনিরুল ইসলাম। এসময় রাজিবুল ইসলাম লেলিন ও বাউলের ছেলে শাহ নূরের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রসঙ্গত, বন্ধে মায়া লাগাইছে, আগে কী সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, কেন পিরিতি বাড়াইলিরে বন্ধুর মতো প্রায় দেড় শহস্রাধিক গানের স্রষ্টা বাউল শাহ আব্দুল করিম।








