আনুশকা পাশে থাকলে শাহরুখ সুন্দর!— এমনটা নিজ মুখেই জানালেন শাহরুখ খান। শাবানা আজমি আয়োজিত একটি চ্যারিটি ফ্যাশন শোতে শো স্টপার হয়ে একসাথে হেঁটেছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। তখনই সহশিল্পীর প্রসঙ্গে এই প্রশংসা করেন তিনি।
‘রব নে বানা দি জোড়ি’ ছবির এই দুই তারকা র্যাম্পে হেঁটে দর্শকদেরকে মুগ্ধ করেছেন। ডিজাইনার মনীষ মালহোত্রার পোশাকে হেঁটেছেন তারা। এ সময়ে শাহরুখ একটি সাদার ওপর কালো সুতোর কাজ করা চিকন-কারি শেরওয়ানি পরেছিলেন। আর আনুশকা একটি ক্রপ টপের সাথে সিক্যুইনের কাজের লেহেঙ্গা পরেছিলেন।

শো শেষে শাহরুখ বলেন, ‘আনুশকাকে ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য। আমাকে দেখতে এখন যতটা সুন্দর দেখাচ্ছে, আনুশকা পাশে না থাকলে ততটা দেখাতো না।’
শাহরুখ এবং আনুশকার ভক্তদের জন্য সুখবর আছে। আর তা হলো পর্দার এই যুগলকে একসাথে দেখা যাবে ইমতিয়াজ আলীর পরবর্তী ছবি ‘রেহনুমা’তে। পর্দায় আরও একবার এই জুটির রসায়ন দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। টাইমস অব ইন্ডিয়া।








