চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ লাখ টাকার স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা। রোববার রাতে মাস্কাট থেকে আসা এক যাত্রীর প্যান্টে লুকায়িত ১০ লাখ টাকার ২টি স্বর্ণবার আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.মইনুল খান।
স্বর্ণের বারসহ আটক যাত্রীর নাম মোহাম্মদ আলমগীর(৩১)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম। তিনি রোববার রাতে ওমান এয়ারের ফ্লাইট নং: WY 311 যোগে মাস্কাট হতে চট্টগ্রাম আসেন।
মোহাম্মদ আলমগীর এর অন্তর্বাসের ভেতর ২টি স্বর্ণবার (২৩৩ গ্রাম) উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।
মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রীণ চ্যানেল অতিক্রমের পর দেহ তল্লাশি করে এই স্বর্ণবার আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় ১০ লাখ টাকা। স্বর্ণবারগুলো আটকপূর্বক চট্টগ্রাম কাস্টম হাউসের মূল্যবান শুল্কগুদামে জমা করা হয়েছে।
এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।








