সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার দিবাগত রাতে সোয়া এক ঘণ্টার বৈঠক হয়। তবে বৈঠকে চলমান সংকট নিয়ে কোনো সমাধান আসেনি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন ও অনশন চলবে। শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের দাবির কথা লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে মন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান।
আজ পুনরায় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটির বৈঠকে বসার কথা রয়েছে। প্রতিনিধি দলটি মন্ত্রীকে জানিয়েছেন, তারা অন্য আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীকে অবহিত করবেন।








